ভাইয়ের হাতে ভাই ও ভ্যানচালক খুন
নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপচা গ্রামে সুবিত চন্দ্র রায় (২৫) নামের এক ভ্যানচালককে গত শুক্রবার ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুবিত চন্দ্র একই ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের ধৌলু রায়ের ছেলে।
এদিকে দিনাজপুরের হিলিতে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে আহত বড় ভাই নিপেন ওঁরাওয়ের (৪২) গতকাল শনিবার মৃত্যু হয়েছে। নিপেন ওঁরাও হাকিমপুরের খাটাউছনা এলাকার হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা।
সুবিতের এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সুবিত তাঁর ব্যাটারিচালিত রিকশাভ্যান মেরামত করতে গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পলাশবাড়ী বাজারে যান। সন্ধ্যা সাতটার দিকে পলাশবাড়ী বাজার থেকে দুজন যাত্রী নিয়ে কানাইকাটা রেলঘুণ্টি বাজার এলাকায় আসেন। সেখান থেকে আরও দুজন যাত্রী তাঁর ভ্যানে ওঠে। রাত আটটার দিকে খলিশাপচা গ্রামের মাডারপুল এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে স্থানীয় লোকজন প্রথমে তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও পরে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সুবিতের স্ত্রী লিলি বালা (২০) বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে আমার স্বামী রিকশাভ্যান মেরামত করতে পলাশবাড়ী বাজারে যান। রাত আটটার দিকে খবর পাই আমার স্বামী খুন হয়েছে।’ লিলি বালা উত্তরা ইপিজেডের একটি কারখানার শ্রমিক। সুবর্ণা (৫) নামে তাঁদের একটি মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো ছুরি দিয়ে সুবিতের গলা কাটা হয়েছে। মাথায় ও কোমরে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। নীলফামারী সদর থানার ওসি মো. শাহজাহান পাশা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে হাকিমপুর থানা-পুলিশ জানায়, নিপেন গত শুক্রবার সকালে মদ্যপ অবস্থায় ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করেন। নিপেনের ছোট ভাই সঞ্জিত ওঁরাও বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সঞ্জিত একপর্যায়ে হাঁসুয়া দিয়ে নিপেনের দুই পায়ে কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা আহত নিপেনকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতে নিপেনকে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে নিপেন মারা যান।