ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ৩
নওগাঁর মান্দা উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ইছহাক আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল আটটার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় নিহত ইছহাক আলীর স্ত্রী লতিফুন বিবি (৩৩) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইছহাক আলী উপজেলার দোডাঙ্গি গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লতিফুন বিবি বাদী হয়ে ভাশুর জয়েন উদ্দিন (৪৭), তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৩৮), ছেলে সাগর হোসেন (১৮), মেয়ে রেশমা খাতুন (২০) ও রিমা খাতুনের (১৬) বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়েন উদ্দিন, মর্জিনা ও রেশমাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ইছহাকের সঙ্গে তাঁর বড় ভাই জয়েন উদ্দিনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। জয়েন উদ্দিনের ঘরের টিনের ছাউনির বৃষ্টির পানি ইছহাকের ঘরের মাটির দেয়ালে পড়ায় দেয়ালটি ধসে পড়ার উপক্রম। বিষয়টি নিয়ে গতকাল সোমবার সকালে বড় ভাইয়ের সঙ্গে আবার তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে জয়েন উদ্দিন লাঠি দিয়ে ইছহাকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।