ভাইয়ের হাতে ভাই খুন, ছাত্রের লাশ উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলায় গত বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই বড় ভাইকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই উপজেলার পাকারমাথা এলাকা থেকে গতকাল শুক্রবার অষ্টম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হওয়া ব্যক্তির নাম মোস্তফা কামাল (৩২)। তিনি উপজেলার উত্তর মণ্ডলপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সদর উপজেলার পাকারমাথা এলাকা থেকে রংপুরের পীরগাছা উপজেলার মোমিন বাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শাহিন আলমের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই উপজেলার হরিরাম গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
মোস্তফা কামালকে হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় তাঁর স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেছেন। মামলায় তাঁর ছোট ভাই মাহাবুব আলম এবং বাবা জামাল উদ্দিনকে আসামি করা হয়েছে।
সদর থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টায় সদর উপজেলার পাকারমাথা এলাকায় তিস্তা নদীর পাড়ে একটি কাভার্ড ভ্যান এসে থামে। এ সময় সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন কাভার্ড ভ্যান খুলে একটি বস্তা দেখতে পায়। পরে তাঁরা বস্তার মধ্যে রংপুরের পীরগাছায় অষ্টম শ্রেণির ছাত্র শাহিন আলমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায়। বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রের লাশসহ কাভার্ড ভ্যানের চালক আবু তাহের (২৫), পীরগাছার ব্যবসায়ী আলী আকবর (৪৫) ও তাঁর দোকানের কর্মচারী সুরুজ আলী মিয়াকে (১৫) আটক করে থানায় নিয়ে আসে। সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় দাবি করেন, আটক তিনজনই শাহিন আলমকে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়টি রংপুরের পীরগাছা থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থল যেহেতু পীরগাছা থানা এলাকার, সেহেতু এ ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ সেখানেই নেওয়া হবে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ব্যবসায়ীর মেয়ের সঙ্গে শাহিন আলমের প্রেমের সম্পর্ক ছিল। ব্যবসায়ী তা মানতে না পেরে তাকে ভয় দেখানোর জন্য তাঁর দোকানের এক কর্মচারীকে দিয়ে তাঁর গুদামে ডেকে আনে। ওই গুদামেই তাকে নির্যাতন করে হত্যা করা হয়।