ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণচেষ্টার মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১১ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব জুলিয়া মঈনের সই করা চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত সোমবার বিকেলে জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই আদেশের চিঠি পৌঁছায়। ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানা-পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী পশ্চিম জুড়ী ইউনিয়নে এক তরুণীর (২৪) বাড়িতে যান। একপর্যায়ে তিনি ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনার প্রায় ছয় মাস পর গত ১ জুন তরুণী বাদী হয়ে কিশোর রায় চৌধুরীকে আসামি করে থানায় মামলা করেন। ৬ জুন কিশোর রায় উচ্চ আদালতে হাজির হয়ে আবেদন জানালে আদালত ছয় মাসের আগাম জামিন নেন। এ মামলায় ২৯ সেপ্টেম্বর পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আদালতে কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই আইন অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

কিশোর রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি কখনো ওই তরুণীর বাড়ি যাননি। মামলাটি ষড়যন্ত্রমূলক। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে দলের প্রতিপক্ষ তাঁকে এ মামলায় ফাঁসিয়েছে। ভাইস চেয়ারম্যানের পদ ফিরে পেতে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন ।