ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে জখম, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের চাঁদার (জিবি) টাকা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় ঢালুয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য অহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানের অনুসারীরা ঢালুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া ওরফে বাছির ও তাঁর অনুসারীদের দায়ী করেছেন।
নাঙ্গলকোটের আওয়ামী লীগের অন্তত পাঁচজন নেতা-কর্মীর অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ও ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়ার সঙ্গে আবু ইউসুফের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুজন একই বাড়ির বাসিন্দা হওয়ায় ঢালুয়া বাজারের সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর আবু ইউসুফ সিএনজি স্ট্যান্ড-সংলগ্ন রফিকুল ইসলামের টিনের দোকানে গেলে ওত পেতে থাকা নাজমুলের লোকজন দা ও লাঠিসোঁটা নিয়ে ইউসুফের ওপর হামলা করেন। এ সময় ১ নম্বর ওয়ার্ডের সদস্য অহিদুর রহমানের নেতৃত্বে মো. জনি ও পরাগ মিয়া তাঁকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁরা আবু ইউসুফের মাথায় কোপ দেন। এ ছাড়া শরীরে ও বাঁ পায়ে কোপ দেন। এতে তাঁর বাঁ পা ভেঙে যায়। দ্রুত তাঁকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অহিদুর রহমানকে গ্রেপ্তার করে।
নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দিন কালু বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে ভাইস চেয়ারম্যানের ওপর হামলা চালানো হয়। তাঁকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়। তাঁর মাথা, পিঠ ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুসারীরা এ কাজ করেছেন বলে এলাকাবাসী আমাকে জানিয়েছেন।’
নাজমুল হাসান ভূঁইয়ার মুঠোফোনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত অন্তত ১০ বার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। মঙ্গলবার ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।