ভাইস চেয়ারম্যানকে পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা!
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিমকে পেটানোর অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে সরকারি কর্মসূচির অংশ হিসেবে ধুনট উজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাঁর বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে উপজেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকে রেজাউল করিমকে চেয়ার দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেই পেটান। রেজাউল করিম দৌড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আশ্রয় নেন। পরে খবর পেয়ে থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রেজাউল করিমের অভিযোগ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ উপলক্ষে সরকারি কর্মসূচি পালন করতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের ভেতরে ঢুকে তাঁর ওপর হামলা চালান এবং চেয়ার দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ বলেন, রেজাউল করিম সরকারি কর্মসূচিতে অংশ না নিয়ে কার্যালয়ে বসে নেতা-কর্মীদের নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। এ কারণে তাঁকে উপজেলা পরিষদ থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁকে কোনো মারধরের ঘটনা ঘটেনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে মারধরের বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট ইউএনও রাজিয়া সুলতানা বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে মারধরের বিষয়ে থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।