ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ওপর হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার শহরের কসবা এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান নয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
বুধবার রাতে শেরপুর জেলা হাসপাতালে উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি (বায়েজিদ) কয়েকজন সহকর্মীকে নিয়ে উপজেলার চরশেরপুর ইউনিয়ন থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় শহরের কসবা এলাকায় পৌর মেয়রের ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুবলীগের সদস্য মো. ওয়াসিম ও মো. কামাল তাঁর (বায়েজিদ) ওপর হামলা করেন। তাঁরা এলাকার একটি দোকানে তাঁকে আটকে রেখে কিল-ঘুষি মারেন এবং তাঁর (বায়েজিদ) শরীরে পিস্তল ঠেকিয়ে তাঁকে হত্যার হুমকি দেন। ভবিষ্যতে মেয়রের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেওয়ার জন্যও তাঁকে শাসানো হয়।
এ সময় তাঁরা বায়েজিদের সঙ্গে থাকা শহর যুবলীগের সদস্য আকরামুল ইসলাম লিটনকেও মারধর করেন। ঘটনার পরপরই বায়েজিদ ও আকরামুল শেরপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেন।
পৌর মেয়রের ভাই আব্দুল মতিন বলেন, তিনি বা ছাত্রলীগের কেউ যুবলীগের কোনো নেতা-কর্মী ওপর হামলা করেননি বা প্রাণনাশের হুমকি দেননি। ভাইস চেয়ারম্যান পদে বায়েজিদের মনোনয়নের ব্যাপারে তাঁর (মতিন) ভাই মেয়র হুমায়ুন কবীরের যথেষ্ট অবদান ছিল।