ইয়াবা বড়িসহ আটক করার পর কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগমের ছেলে মো. রবিনকে (২২) ছেড়ে দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। তবে একই স্থান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তির নাম শওকত আলী। গত মঙ্গলবার রাতে পুলিশ রবিন ও তাঁকে লাকসাম পৌরসভার গাজীমুড়া এলাকা থেকে আটক করে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রবিন গাজীমুড়া এলাকায় শওকতের বাড়িতে যান। খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। এ সময় সেখান থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল সকালে শওকত আলীর বিরুদ্ধে লাকসাম থানায় মামলা করেন ওই থানার এসআই আক্তার হোসেন। লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দুজনই মাদক সেবন করে। অল্প পরিমাণে মাদক নেওয়ায় রবিনকে বাবা-মায়ের জিম্মায় সংশোধন হওয়ার জন্য ছেড়ে দেওয়া হলো।’