ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রসিনা সরেনের বিরুদ্ধে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই পুত্রবধূ গত মঙ্গলবার রাতে ঘোড়াঘাট থানায় এ বিষয়ে এজাহার দিয়েছেন।
পুত্রবধূর নাম সনতী মুর্মু (২৭)। তিনি রসিনা সরেনের সৎছেলে প্রদীপ সরেনের স্ত্রী।
সনতী মুর্মু গত মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, তাঁর শ্বশুর সুভাষ এম সরেনের দ্বিতীয় স্ত্রী রসিনা সরেন। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ার পর নানা কৌশলে শ্বশুরের সব সম্পত্তি নিজের নামে লিখে নিচ্ছেন। এ বিষয়ে বাধা দেওয়ায় কয়েক বছর ধরে রসিনা বিভিন্নভাবে তাঁকে (সনতী) নির্যাতন করছেন। এমনকি তাঁকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ গত শনিবার সকালে পারিবারিক কথাবার্তার একপর্যায়ে রসিনা সরেন হঠাৎ করেই তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। এরপর শাড়ির ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করতে উদ্যত হন। এ সময় তাঁর চিৎকার শুনে স্বামী প্রদীপ সরেনসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে অনেক দিন থেকেই ওই পরিবারে বিরোধ চলছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আনোয়ার হোসেন বলেন, সনতীর গলার বিভিন্ন অংশে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। তাঁর এজাহারটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করে রসিনা সরেন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সৎমা, তাই আমার বিরুদ্ধে সনতী মুর্মু মিথ্যা অভিযোগ করেছে। তার সঙ্গে আমার কথা–কাটাকাটি হয়েছে, তাকে আঘাত করা হয়নি।’