ঢাকার ধামরাইয়ের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান গতকাল মঙ্গলবার ধামরাই থানায় এ মামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সমাবেশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমিতি। ২১ মার্চের মধ্যে মোহাদ্দেস হোসেনকে গ্রেপ্তার করে অপসারণসহ তাঁর শাস্তি দাবি করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩-এর আওতায় ধামরাইয়ের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয় ওই প্রকল্প থেকে তিন লাখ টাকার বেশি বরাদ্দ পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত পত্র পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিনসহ ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জিয়াসমিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নিজেদের পছন্দের ১৪টি বিদ্যালয়ের তালিকা জমা দেন। স্থানীয় সাংসদ এম এ মালেক অধিক গুরুত্বের বিষয়টি বিবেচনা করে ওই তালিকা থেকে ১০টি বিদ্যালয় নির্বাচন করে দেন। ওই তালিকা থেকে বাদ পড়ে মোহাদ্দেস হোসেনের চারটি বিদ্যালয়। তিনি চারটি বিদ্যালয়েরই তালিকা দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মোহাদ্দেস হোসেন গত সোমবার দৌলতর রহমানকে তাঁর কার্যালয়ে গিয়ে মারধর করেন।