ভাইয়ের আগুনে দগ্ধ দুই শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরে মৃদুল (৭) ও মারুফ (৫) নামের দুই শিশুকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, গত মঙ্গলবার রাতে শিশু দুটির বড় ভাই মোজাম্মেল হক এ ঘটনা ঘটান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
দুই শিশু বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে মোজাম্মেল পলাতক বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার পুলিশের ভাষ্য, শিশু দুটি পরিবারের সঙ্গে শহরের পলাশগড় মধ্যপাড়া গ্রামে থাকে। চার ভাই দুই বোনের মধ্যে তারা ছোট। পলাতক মোজাম্মেল মেজ ভাই। বছর খানেক আগে তাঁদের মা মারা গেছেন। সম্প্রতি বাবা মুসলিম উদ্দিনের ৯২ শতাংশ জমি থেকে চার ছেলেকে ১৫ শতাংশ ও দুই মেয়েকে পাঁচ শতাংশ করে মোট ৭০ শতাংশ জমি লিখে দেন। বাকি ২২ শতাংশ জমি নিজের কাছে রেখে দেন মুসলিম। মোজাম্মেল ওই জমি তাঁর নামে লিখে দিতে মুসলিমের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু মুসলিম তাঁকে বলেন, ওই জমি তিনি ছোট দুই ছেলের জন্য রেখেছেন। গতকাল রাত ১১টার দিকে মোজাম্মেল ঘুমন্ত অবস্থায় দুই ভাইয়ের শরীরে আগুন দেন। পরে শিশু দুটির চিৎকার পরিবারের লোকজন কোনোমতে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে যান।
আজ দুপুরে একটার দিকে শিশু দুটির বাড়িতে গিয়ে জানা যায়, ঘটনার পর থেকে মোজাম্মেল পলাতক। বাবা মুসলিমকেও পাওয়া যাচ্ছে না।
জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের একটি ওয়ার্ডের মেঝেতে দগ্ধ দুই শিশু যন্ত্রণায় কাতরাচ্ছে। আগুনে তাদের মুখ, বাম হাত, দুই পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পাশে বসে থাকা দুই শিশুর ফুপু হাওয়া বেগম প্রথম আলোকে বলেন, মোজাম্মেলই শিশু দুটির গায়ে আগুন দিয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, শিশু দু’টি মারা গেলে জমি বাগানো সহজ হবে—এ ধারণা থেকে মোজাম্মেল এ ঘটনা ঘটাতে পারেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।