ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সীমানায় শৌচাগার নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় চাচাতো ভাই আজমল সরকারের ছুরির আঘাতে কামরুল ইসলাম সরকার নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তাঁকে রক্ষা করতে এলে আহত হন দুজন। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলার খাজুরা ইউনিয়নের করের গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম সরকার (৩০) ওই গ্রামের নছির সরকারের ছেলে এবং আজমল সরকার (২৬) একই গ্রামের আনিছ সরকারের ছেলে।

নিহত কামরুলের বড় ভাই রেজাউল করিম বলেন, উপজেলার খাজুরা ইউনিয়নের করের গ্রামে তাদের বাড়ি। তাঁর বাবা নছির সরকার ও চাচা আনিছ সরকারের পরিবারের মধ্যে বাড়ি সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ বেলা সাড়ে তিনটায় বিরোধপূর্ণ জমিতে শৌচাগার নির্মাণ করা নিয়ে তাঁর ছোট ভাই কামরুলের সঙ্গে চাচাতো ভাই আজমলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজমল ছুরি দিয়ে আঘাত করলে কামরুল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কামরুলকে উদ্ধার করতে তিনি (রেজাউল করিম) ও প্রতিবেশী আব্দুল মান্নান এগিয়ে এলে তাঁদের ছুরি দিয়ে আঘাত করে আজমল। এরপর সে পালিয়ে যায়। খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে আজমলকে খোঁজা হচ্ছে।