
বোনকে উত্ত্যক্ত করত চারজন বখাটে। প্রতিবাদ করেন ভাই। জের হিসেবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে ভাইয়ের হাত-পা থেঁতলে দিয়েছে বখাটেরা।
যশোরের চৌগাছা উপজেলার একটি বাজারে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মো. তুহিন ইসলামকে (২৮) স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, তুহিনের চার হাতে-পায়ে ব্যান্ডেজ। তাঁর মা পাশে বসে কাঁদছেন।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘ভোঁতা অস্ত্র দিয়ে তুহিনের চার হাত-পা পিটিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। অবস্থা গুরুতর। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এর বেশি কিছু বলা যাচ্ছে না। কাল পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখে বিস্তারিত বলা যাবে।’
তুহিন প্রথম আলোকে বলেন, সকালে স্থানীয় বাজারে আটা কিনতে গেলে আলাউদ্দীন, জুয়েল, আশা ও মিকাইল নামের চার বখাটে তাঁকে ধরে রাস্তার ওপরে নিয়ে যায়। এরপর দুজন তাঁকে ধরে রাখে। একজন তুহিনের হাত রাস্তার পিচের সঙ্গে চেপে ধরে, এরপর অপর দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে একে একে দুই হাতে আঘাত করে। এতে তাঁর ডান হাতের কবজি ভেঙে গেছে। বাঁ হাতেরও একই অবস্থা। এরপর দুই পা রড দিয়ে পিটিয়ে থেঁতলে দেয় দুর্বৃত্তরা।
হামলার বিষয়ে তুহিনের মা প্রথম আলোকে বলেন, ‘এলাকার জুয়েলসহ কয়েকজন বখাটে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। তুহিন এর প্রতিবাদ করেছে। বখাটেদের ভয়ে মেয়েটা ঘরের বাইরে যেতে পারত না। কয়েক দিন আগে এক রাতে আমাদের ঘরে ঢুকে পড়ে ওই চার বখাটে। তখন তাদের মেরে বের করে দেয় তুহিন। এরই জের ধরে গতকাল তারা তুহিনের ওপর এমন হামলা চালিয়েছে।’
তুহিন প্রথম আলোকে বলেন, যারা মেরেছে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল হাসানের অনুসারী। তাঁকে মারার সময় চেয়ারম্যান পাশে দাঁড়িয়ে ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে শুনেছি তুহিনকে মারধরের কথা। তারা কেউ আমার লোক না।’ তিনি বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমার তেমন কিছুই করার নেই। কারণ, আমি উপজেলার বিএনপির দপ্তর সম্পাদক। আর যারা মেরেছে, তাদের মধ্যে আলাউদ্দীন হাকিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি বিএনপির লোক হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজনের বিচার করব কীভাবে।’
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুই জানি না। পরে শুনলাম, জুয়েলসহ কয়েকজন তুহিনকে মারধর করেছে।’
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন মিলে তুহিনকে মারপিট করেছে বলে শুনেছি। এখনো মামলা হয়নি। আহতের পরিবারের লোকজনকে থানায় আসতে বলেছি।’
প্রসঙ্গত, এর আগে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামে শাহানূর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। এতে তাঁর দুই পা হাঁটুর কাছ থেকে কেটে ফেলতে হয়েছে। এই খবর প্রথম আলোতে প্রকাশের পর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে প্রথমে সব আসামিকে কারাবন্দী করতে নির্দেশ দেন। পরে আহত শাহানূরের চিকিৎসার ব্যয় রাষ্ট্রকে বহন করতে এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।