ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার রাজদী গ্রামে ওহাব হাওলাদার (৫৮) নামের এক ব্যক্তি তাঁর ভাইয়ের হাতে খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, তাঁর বড় ভাই শামছুল হাওলাদার গত বৃহস্পতিবার সন্ধ্যায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারা যান।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় শামছুল হাওলাদারকে প্রধান আসামি ও তাঁর স্ত্রী শিরিনা বেগম, ছেলে সোহেল হাওলাদার, লিটন হাওলাদার এবং মেয়ে ডলি বেগম ও শেলি বেগমকে আসামি করা হয়েছে। ঘটনার পর তাঁরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কালকিনি থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার রাজদী গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ওহাব হাওলাদার ও শামছুল হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার তাঁদের জমির সীমানা নির্ধারণের কাজ হচ্ছিল। বাড়ির গাছ কাটা নিয়ে তখন দুই ভায়ের পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে শামছুল হাওলাদার ছোট ভাই ওহাব হাওলাদারকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পরই শামছুল হাওলাদার তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গ্রাম থেকে চলে গেছেন।
ওহাব হাওলাদারের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘ভাশুর ও তাঁর ছেলেরা আমার স্বামীর অংশের জমি জোর করে দখল করেছেন। বিষয়টি আমরা প্রতিবাদ করলেই আমাদের মারধর করা হতো। কিন্তু তাঁরা আমার স্বামীকে এভাবে হত্যা করে ফেলবে তা বুঝতে পারিনি। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’