ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরসাতবাড়িয়া গ্রামে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত শাহজাহান আলী আকন্দ (৬৫) নামের এক কৃষক মারা গেছেন। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী জানান, নিহত শাহজাহান ওই গ্রামের বদর আকন্দের ছেলে। বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের অংশ নিয়ে শাহজাহান আলী ও তাঁর ভাই কোবাদ আলী আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৪ এপ্রিল শাহজাহান বাঁশ কাটতে যান। তখন কোবাদ আলী বাধা দিলে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে শাহজাহান গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৫ এপ্রিল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বুধবার সকালে তিনি মারা যান।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, এ ঘটনায় নিহত শাহজাহানের ভাতিজি লাকী আক্তার আজ কোবাদ আলীসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।