ভাইয়ের হাতে ভাই খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে আজ রোববার সকালে ভাইয়ের হাতে শাহীন মিয়া (২৫) নামের এক ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। খুনের পর পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা শাহীনের ভাই মামুন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত শাহীন মিয়া ও আটক মামুন একটি হত্যার মামলার আসামি।

শাহীনের স্ত্রী খাদিজা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চার মাস আগে শাহীন তাঁকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু শাহীনের পরিবারের কেউ এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে ভাই মামুন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব দেখা দেয়। আজ সকালে ঝগড়াবিবাদের একপর্যায়ে মামুন লাঠিপেটা এবং ধারালো দা নিয়ে ধাওয়া করে কুপিয়ে শাহীনকে হত্যা করেন। পরে মামুন পালানোর চেষ্টা করলে গ্রামের লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ সূত্র জানায়, নিহত শাহীন, আটক মামুন এবং তাঁদের বাবা আবু তাহের একটি হত্যা মামলার আসামি। তাহের জামিনে আছেন। ২০০৭ সালে বাবলু মিয়া নামের এক স্কুলছাত্রকে হত্যার ঘটনায় তাঁদের বিরুদ্ধে এ মামলা হয়। মামলাটি বিচারাধীন।
জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান প্রথম আলোকে বলেন, স্কুলছাত্র হত্যা মামলায় শাহীন ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় পুলিশের নজর এড়িয়ে আসামিরা বাড়িতে অবস্থান করছিলেন। আর এর মধ্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছেন। আটক মামুনের বিরুদ্ধে ভাই হত্যার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।