ভাইয়ের হাতে ভাই খুন, ছাত্রের লাশ উদ্ধার
নেত্রকোনা সদর উপজেলায় গত বুধবার চালককে হত্যা করে মোটরসাইকেলটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। একই দিন ময়মনসিংহের নান্দাইলে ভাই ও ভাতিজার বল্লমের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া চাঁদপুরের কচুয়ায় গতকাল বৃহস্পতিবার এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: সদর উপজেলার বর্শীকুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জুয়েল মিয়া (২২) ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। উপজেলার খাটপুড়া গ্রামের ফরহাদ মিয়া ও একই গ্রামের বাশার উদ্দিন গত বুধবার রাত ১০টার দিকে জুয়েলকে ফোনে মোটরসাইকেল নিয়ে যেতে বলে। পরে ফরহাদ ও বাশার খাটপুড়া থেকে জুয়েলের মোটরসাইকেলে করে নেত্রকোনার চানখাঁর মোড়ের উদ্দেশে যাত্রা করে। পথে টেংগা এলাকার মান্দা সেতুর ওপর তারা ছুরি দিয়ে জুয়েলের গলা কেটে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। জুয়েলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে রাত দুইটার দিকে ফরহাদ ও বাশারকে মোটরসাইকেলসহ টেংগা বাজার থেকে আটক করে পুলিশ।
নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার কড়ইকান্দি গ্রামের শহীদ মিয়ার (৪৫) সৎভাই মেনু মিয়ার ছেলে মঞ্জু মিয়া তাঁর স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। এই নির্যাতনের বিষয়টি ওই নারী শহীদকে জানান। মঞ্জু গত বুধবার সন্ধ্যায় আবারও স্ত্রীকে মারধর করতে করেন। এ সময় মেনু মিয়াও সেখানে উপস্থিত ছিলেন। হইচই শুনে শহীদ সেখানে গিয়ে ভাই ও ভাতিজাকে থামতে বলেন। এ সময় মেনু ও মঞ্জু বল্লম দিয়ে শহীদকে আঘাত করেন। সঙ্গে সঙ্গে শহীদ মাটিতে লুটিয়ে পড়েন। নান্দাইল থানার এসআ আবদুস সাত্তার জানান, খবর পেয়ে শহীদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
চাঁদপুর: কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে মিলন হোসেন (১২) গত মঙ্গলবার নিখোঁজ হয়। সে স্থানীয় চাপাতলী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার গোহাট দক্ষিণ ইউনিয়নের কান্দিরপাড় এলাকার একটি ধনচেখেতে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তবে মিলন নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন (মঙ্গলবার) একই এলাকার সোহাগ, রাব্বি ও শামীমকে আটক করে পুলিশ।