ভাইয়ের হাতে ভাই খুন, নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সোহাগ হোসেন (৩৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি তরুলিয়া গ্রামের আবদুল বারিক গাজীর ছেলে।
একই দিন পিরোজপুরের মঠবাড়িয়ায় আয়েশা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আয়েশা বেগম উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের জেলে রুহুল আমিনের স্ত্রী। ঘটনার পর থেকে রুহুল আমিন পলাতক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গত রোববার সকালে দুই ভাই রসুল ও সোহাগ হোসেনের মধ্যে বাঁশঝাড়ের কুঞ্চি ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রসুল বড় ভাই সোহাগ হোসেনকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল সোমবার ভোররাতে আরিচা ফেরিঘাট এলাকায় তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, আয়েশা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রুহুল আমিনের সঙ্গে চার বছর আগে উপজেলার উত্তর ভোলমারা গ্রামের হাসেম খানের মেয়ে আয়েশা বেগমের বিয়ে হয়। ওই দম্পতির আড়াই বছর বয়সের একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক মাস আগে রুহুল আমিন এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে বাধা দেওয়ায় রুহুল আমিন আয়েশাকে মারধর করতেন। সর্বশেষ গত রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন ঘরের আড়ার সঙ্গে আয়েশা বেগমের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত আয়েশা বেগমের ভাই সিদ্দিক খান অভিযোগ করেন, রুহুল আমিন এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ কারণে রুহুল আমিনের সঙ্গে আয়েশা বেগমের দাম্পত্য কলহ চলছিল। রুহুল আমিন আয়েশাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।