ভাইয়ের হাতে ভাই খুন, যুবককে কুপিয়ে হত্যা
নড়াইল সদর উপজেলায় গতকাল সোমবার দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এর আগে রোববার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নড়াইলে নিহত যুবকের নাম মফি শেখ (৩২)। তিনি সদরের ভবানীপুর গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। মফি শেখের সঙ্গে একই গ্রামের লুৎফর মোল্লার ছেলে জামিনুর মোল্লার পূর্বশত্রুতা ছিল। গতকাল দুপুরে মফি শেখ বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নড়াইল-কালিয়া সড়কের মাথাভাঙ্গা সেতুর কাছে পৌঁছালে তাঁর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন জামিনুর। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।
মফি শেখের চাচাতো ভাই লিয়াকত হোসেন বলেন, এ ঘটনায় তাঁরা জামিনুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস গতকাল বিকেলে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুরে খুনের ঘটনাটি ঘটে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের হামিদ খানের বড় ছেলে চান মিয়ার (৫৩) সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ছোট ছেলে ফুল মিয়ার (৪৮)। রোববার রাত পৌনে আটটার দিকে ফুল মিয়া, তাঁর দুই চাচাতো ভাই এমাদুল খান (৪৫) ও শাহজাহান খান (৪৭) এবং প্রতিবেশী আবদুল জলিল (৩৫) ইকড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ইকড়ি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তাঁদের ওপর রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান চান মিয়াসহ ১০-১২ জন। ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপে ফুল মিয়ার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। অন্য তিনজনও আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত সাড়ে ১০টার দিকে ফুল মিয়া, এমাদুল ও আবদুল জলিলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ফুল মিয়া মারা যান। গতকাল সোমবার সকালে এমাদুল ও আবদুল জলিলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, তাঁর স্বামী টমটম চালাতেন। এ ঘটনায় তিনি চান মিয়াকে প্রধান আসামি করে, আরও আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে ভান্ডারিয়া থানায় হত্যা মামলা করেছেন।
ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) সদস্যসচিব সিদ্দিকুর রহমান বলেন, নিহত ও আহত ব্যক্তিরা তাঁদের দলের সমর্থক। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাঁদের ওপর হামলা করেছে।
তবে পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে বড় ভাই চান মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।