ভাই-বোনকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়ার ভাই-বোনকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুর খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ভাই জাকির হোসেন ওরফে রবিন ও বোন শারমিন আক্তারকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জাকির ও শারমিনের বাড়ি একই উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাকির গতকাল দুপুরে তাঁর ছোট বোনকে নিয়ে মোটরসাইকেলে করে খলিলুর রহমান ডিগ্রি কলেজে আসেন। তাঁরা কলেজ থেকে বের হওয়ার পর সাত-আটজন সন্ত্রাসী তাঁদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ভাই-বোনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে দুজনই গুরুতর আহত হন। একপর্যায়ে সন্ত্রাসীরা জাকিরের মোটরসাইকেলসহ আইফোন, ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

জাকিরের খালু নুরুল ইসলাম জানান, বিষয়টি সোনাইমুড়ী থানায় জানানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি আশরাফ উল ইসলাম বলেন, হামলাকারীদের চিহ্নিত করা গেছে। যাদের একজনকে ফোন করে মোটরসাইকেল ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঘটনার বিষয়ে গতকাল বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি।