ভাই-ভাগনেদের এ কেমন নির্মমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে খাজা মিয়া (৬০) নামে এক কৃষকের বাঁ পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বড় ভাই রাজা মিয়া ও তাঁর দুই ভাগনে মিলে খাজা মিয়ার পা রামদা দিয়ে কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খাজা মিয়াকে মুমূর্ষু অবস্থায় তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের গোবর্ধনপুর গ্রামের দুই ভাই রাজা মিয়া ও খাজা মিয়ার মধ্যে বসতভিটার পৈতৃক ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বিকেল চারটার দিকে খাজা মিয়া বাড়ির পাশে চককরিম গ্রামের অদূরে মাঠে জমিতে আমন ধানের বীজ বুনতে যান। এ সময় বড় ভাই রাজা মিয়া দুই ভাগনে শরিফুল ইসলাম ও আজিজুল ইসলামকে সঙ্গে নিয়ে ওই মাঠে খাজা মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে তাঁর বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন করেন ফেলেন। পরে এলাকার লোকজন খাজা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে চিকিৎসকেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর অভিযুক্ত রাজা মিয়া, শরিফুল ইসলাম ও আজিজুল ইসলাম গা-ঢাকা দেওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’