ভাগনে হত্যার অভিযোগে মামা গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শাহিন মিয়া (৮) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। মামা শহীদ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশু উপজেলার কয়ড়া গ্রামের আলামিনের ছেলে। শিশুটি তার মামার বাড়িতেই থাকত। মামা শহীদ মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। তবে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন মাদকাসক্ত।
পুলিশ জানায়, আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে শিশু শাহিন মিয়া বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরছিল। এ সময় মামা শহীদ মিয়া তাকে মাছ ধরতে নিষেধ করেন। সে কথা না শুনলে একপর্যায়ে শহীদ মিয়া দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। এ সময় স্থানীয় লোকজন শহীদ মিয়াকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা বানু বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শহীদ মিয়াকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে।