ভাগনেকে পিটিয়ে হত্যার অভিযোগ
খালাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন মামা-মামিরা। এ ঘটনার প্রতিবাদ করায় ভাগনে রাশেদুল ইসলামকে (২৪) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে নিহত রাশেদুলের মা রাশেদা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় পুলিশ নিহত রাশেদুলের মামা আমজাদ হোসেন ও মামি আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে গতকাল রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
পুলিশ সূত্র জানায়, রাশেদুল ইসলামের খালা সোনাভান বিয়ে হওয়ার পরও বাবার বাড়িতে থাকতেন। শনিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে ভাই-ভাবিরা মিলে তাকে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাশেদুল প্রতিবাদ করে খালাকে বাড়ি তোলার দাবি জানান। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে মামা-মামিরা মিলে তাঁকে কিল-ঘুষি ও বেধড়ক পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়।