ভাগনেদের হাতে দুই মামা খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে দুই মামাকে হত্যার অভিযোগ উঠেছে ভাগনেদের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন আরও এক মামা। পুলিশ বলছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল আটটার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর গোবিন্দল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দুজন হলেন, উত্তর গোবিন্দল গ্রামের আজিজ মোল্লা (৫০) ও নান্নু মোল্লা (৬০)। আহত হয়েছেন করিম মোল্লা (৪৬)। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে নান্নু ও করিম দুই ভাই। আজিজ তাঁদের চাচাতো ভাই।

সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, জমি নিয়ে কয়েক মাস ধরে ভাগনে ও মামাদের মধ্যে বিরোধ চলছিল। সকাল আটটার দিকে ভাগনে জাহিদ হোসেন ও জসিম মিয়া দা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মামাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে আজিজ ও নান্নু নিহত হন। আহত হন করিম মোল্লা। ঘটনার পর থেকে ভাগনেরা পলাতক।