ভাগিনাকে খুন করলেন মামা!
কক্সবাজারের চকরিয়া ভাগিনাকে গলা কেটে মামা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় পৌরসভার সমবায় সমিতি মার্কেটের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন মামা নুরুল আলমকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আলম মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
নিহত মোহাম্মদ পারভেজ চকরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রাজধানীপাড়ার সাহাবউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী, পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, আগামী ১৫ জুন মো. পারভেজের বিয়ে করার কথা ছিল। হবু শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে গতকাল দুপুরে মার্কেটে আসেন পারভেজ। বিকেল চারটার দিকে সমবায় সমিতি মার্কেটের পরিস্থান ক্লথ স্টোরে কাপড় দেখছিলেন পারভেজসহ স্বজনেরা। ওই সময় মামা নুরুল আলম অতর্কিতে এসে পেছন থেকে পারভেজকে ধারালো দা দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, পারভেজকে তাঁর মামা নুরুল আলম ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেছেন। পরে লোকজন নুরুল আলমকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
পরিস্থান ক্লথ স্টোরের মালিক সাহাব উদ্দিন জানান, পারভেজসহ আত্মীয়স্বজনেরা তাঁর দোকানে কাপড় দেখছিলেন, তখন অতর্কিত অবস্থায় পেছন থেকে এসে ধারালো দা দিয়ে পারভেজের মাথায় কোপ দেন নুরুল আলম।
নিহত পারভেজের মা মনোয়ারা বেগম বলেন, নুরুল আলম মাদকাসক্ত। এলাকার লোকজনকে মারধর করায় গত বুধবার দুপুরে তাঁকে বাড়িতে বেঁধে রাখেন আত্মীয়স্বজনেরা। রাতে নুরুল আলমের মা ছায়েরা খাতুন ছেলেকে পুলিশে দিতে থানায় অভিযোগ নিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হন নুরুল আলম।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে।