ভাগিনাকে হত্যা, মামা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের শিশু মো. ইয়াছিন। তিন বছর আগে মাকে হারায় সে। বাবা থাকে সৌদি আরবে। মায়ের মৃত্যুর পর নানির কাছেই থাকত সে। ঘুমাত মামা মো. জুয়েলের সঙ্গে। গত রোববার রাত ১২টায় হঠাৎ নানির ঘুম ভেঙে যায়। এ সময় ইয়াছিনের ঘরে যান তিনি। কিন্তু তাকে ঘরে দেখতে না পেয়ে ছেলের কাছে ইয়াছিন কোথায় জানতে চান। সদুত্তর না পেয়ে নিজেই ইয়াছিনকে খুঁজতে থাকেন। পরে রাত দুইটায় বাসার কাছে একটি পরিত্যক্ত শৌচাগারে শিশুটির লাশ পাওয়া যায়।

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রতিবেশীরা জানান, মামা জুয়েল ভাগনে ইয়াছিনকে যৌন নির্যাতন করত। বিষয়টি নানিকে জানিয়ে দিতে পারে ভেবে ঘরের পাশের সীমানাদেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে ইয়াছিনের মাথা থেঁতলে ও মুখে আঘাত করে তাকে হত্যা করে জুয়েল। এ ঘটনায় জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাতিকে হত্যা করায় ছেলে জুয়েলের বিরুদ্ধে মামলা করেছেন মা বেদনের নেছা।

শিশুটির নানি বেদনের নেছা গতকাল সোমবার দুপুরে তাঁর ঘরে প্রথম আলোকে বলেন, তিন বছর আগে তাঁর মেয়ে মরিয়ম নগরের অলংকারমোড এলাকায় স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন। এরপর ইয়াছিনকে হালিশহরে নিজের বাসায় নিয়ে আসেন তিনি। সে স্থানীয় একটি এতিমখানায় পড়ালেখা করত। ছেলে জুয়েল মাদকাসক্ত। আধা পাকা দুই কক্ষের দুটি ঘরের একটিতে তিনি, আরেকটিতে নাতি ও তাঁর ছেলে ঘুমাত। রোববার রাত ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ঘুম থেকে উঠলে দেখতে পান বিছানায় জুয়েল থাকলেও তাঁর নাতি নেই। জিজ্ঞেস করলে জুয়েল সদুত্তর দেয়নি। পরে তিনি আশপাশের লোকদেরও বিষয়টি জানান।

বেদনের নেছা বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে জুয়েল স্বীকার করে কথা না শোনায় ইয়াছিনকে মেরে ফেলা হয়েছে। পরে পুলিশ এসে বাসার কাছে একটি পরিত্যক্ত শৌচাগারের ভেতর থেকে লাশ উদ্ধার করে। জুয়েলকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের উপস্থিতিতে গতকাল দুপুরে হালিশহর থানা কার্যালয়ে জুয়েল বলে, কথা না শোনায় রাগের মাথায় এ কাজ করেছে সে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী তাঁর কার্যালয়ে বলেন, জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করেছে যৌন নির্যাতনের কথা সবাইকে বলে দেবে বলায় ভাগনে ইয়াছিনকে সে খুন করেছে।