ভাগের টাকা নিতে গিয়ে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় প্রধান শিক্ষকের পদ পেতে এক বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন। নিয়োগ দিতে নেতারা তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকার বাণিজ্য করেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার প্রধান শিক্ষকের পদে যোগদানের সময় টাকার ভাগ না পেয়ে আওয়ামী লীগের নেতার মাথায় পিস্তল ধরে আটক হয়েছেন যুবলীগের এক নেতা। যুবলীগের ওই নেতার নাম রাহুল খান। তিনি জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
আর আওয়ামী লীগে যোগ দিয়ে প্রধান শিক্ষকের পদ পাওয়া বিএনপির ওই নেতার নাম আফসার আলী। আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে তিনি জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পুঠিয়ার ধোপাপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিএনপি নেতা আফসার আলী ১৯৯৮ সালে একবার আওয়ামী লীগে যোগদান করেছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে ওই নেতা আবারও বিএনপির রাজনীতি শুরু করেন। সম্প্রতি পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এই সুযোগে আফসার আলী বিদ্যালয়টির প্রধান শিক্ষক হতে আবারও আওয়ামী লীগের স্থানীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদ দারার হতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের স্থানীয় এক নেতা জানান, প্রধান শিক্ষকের পদের বিনিময়ে আফসার আলীর কাছ থেকে আওয়ামী লীগের নেতারা মোটা অঙ্কের টাকার নিয়োগ বাণিজ্য করেন। এই টাকার ভাগ আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে স্থানীয় নেতারা পেয়েছেন। এই টাকা থেকে যুবলীগের স্থানীয় নেতাদেরও দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের কোনো টাকা না দিয়েই গতকাল শনিবার সকালে প্রধান শিক্ষক পদে যোগদান করতে আফসার আলী ওই বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলীও বিদ্যালয়ে যান।
খবর পেয়ে জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান ওরফে ডলার ও সাংগঠনিক সম্পাদক রাহুল খান বিদ্যালয়ে গিয়ে নিয়োগ বাণিজ্যের অর্থ থেকে দুই লাখ টাকা ভাগ দাবি করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী টাকা দিতে অস্বীকার করলে রাহুল খান ও মাহফুজুর রহমান তাঁর মাথায় পিস্তল ধরেন। এ সময় স্থানীয় লোকজন রাহুল খানকে ধরে পিস্তলসহ পুলিশের হাতে তুলে দেন।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, স্থানীয় লোকজন চারটি গুলি, পিস্তলসহ রাহুলকে আটক করে। এ সময় মাহফুজুর রহমান পালিয়ে যান। তিনি আরও বলেন, ‘নিয়োগ বাণিজ্যের অর্থ কি না, তা জানা নেই। তবে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনা শুনেছি।’
এ ব্যাপারে আফসার আলী বলেন, ‘আমি শুধু বিদ্যালয়ের উন্নয়নের জন্য এক লাখ টাকা দিয়েছি।’ তিনি জানান, বছর তিনেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এরপর তিনি স্থানীয় নেতাদের কাছে প্রধান শিক্ষক হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন ‘রাজনীতিটা ভালো করে করো, ভাগ্যে থাকলে হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য বিদ্যালয়ের সভাপতি আকবর আলীর মুঠোফোনে পাঁচ-ছয়বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাংসদ কাজী আবদুল ওয়াদুদ দারার মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। দলের একটি সূত্র জানিয়েছে, তিনি বিদেশে আছেন।
পুঠিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর রহমান বলেন, ‘আফসার আলী আওয়ামী লীগে যোগদান করেছেন শুনতে পাচ্ছি, তবে তিনি বিএনপির দলীয় পদ থেকে এখনো পদত্যাগ করেননি।’