ভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি

মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে সাত বছর বয়সী শিশু শোয়েব। অপহরণকারীরা তাকে মৃত ভেবে গাজীপুরের তারাগাছ এলাকায় ফেলে যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় শিশু শোয়েব।
শোয়েবের বাবা মো. হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, গত ৮ মে তাঁর ছেলে শোয়েবকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় তার ভাড়াটিয়া রুবেল মিয়া। পরে তাঁরা তার কাছে মোবাইল ফোনে আট লাখ টাকা মুক্তিপণ চায়। টাকা না দেওয়ায় তারা তার ছেলেকে নির্যাতন করে। অপহরণকারী রুবেলরা ভেবেছিল, শোয়েব মারা গেছে। মৃত ভেবে তারা তাকে ফেলে রেখে আসে। কিন্তু আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছে। অপহরণের শিকার শোয়েবের বাবা রাজধানীর বনানী থানাধীন কড়াইল বউ বাজার মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার প্রাথমিক বিবরণ অনুযায়ী, মুক্তিপণ আদায়ের জন্য কৌশলে শোয়েবকে অপহরণ করে তাদের বাড়ির ভাড়াটিয়া রুবেল মিয়া। তার সহযোগী হিসেবে ছিল পারভেজ কাউসার (১৯) ও ফয়সাল মামুন (১৮)। মোবাইল ফোনে অপহরণকারীরা হাবিবুল্লাহ বলেছিল, ‘মুক্তিপণ হিসেবে আট লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে।’ পরে বনানী থানা পুলিশকে জানানো হলে তারা বাদীকে জানায়, শোয়েবকে জয়দেবপুরে নেওয়া হয়েছে। এরপর স্থানীয় লোকজন শোয়েবকে উদ্ধার করে। এরপর শিশু শোয়েবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রুবেলসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন শোয়েবের বাবা। এ মামলায় মঙ্গলবার আসামি রুবেল মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি বলেছেন, টাকা আদায়ের জন্য জন্য তারা পরিকল্পিতভাবে বাড়ির মালিকের ছেলে শোয়েবকে অপহরণ করেন। পরে মুক্তিপণ না পেয়ে তাঁরা শোয়েবকে নির্যাতন করেন। অপহরণের শিকার শোয়েবও আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। শোয়েবের চোখ, গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
শোয়েবের বাবা হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে খুঁজে না পেয়ে হতবাক হয়েছিলাম। পরে যখন মুক্তিপণ চাওয়া হয়, তখনো বুঝতে পারিনি, আমার বাড়ির ভাড়াটিয়া রুবেল শোয়েবকে অপহরণ করবে।’