ভাঙচুর চালানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নির্বাহী হাকিম টেলিফোন সেট ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ওই নির্বাহী হাকিম ভাঙচুরের কথা স্বীকার করেছেন। তবে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেছেন।
ওই নির্বাহী হাকিমের নাম তামিম আল ইয়ামিন। তিনি শেরপুর জেলা শহরের বাগরাকসা মহল্লার মো. সুরুজ্জামানের ছেলে ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে নির্বাহী হাকিম তামিম দাঁতের ব্যথার চিকিৎসা নিতে সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা উম্মে জান্নাতুল ফেরদৌস তাঁকে (তামিম) ব্যথানাশক ইনজেকশন দেন। এ সময় নির্বাহী হাকিম তামিম পানি খেতে চান। কিন্তু কেউ তাঁকে পানি না দিলে তিনি ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের টেলিফোন সেট ও টেলিফোন রাখার স্ট্যান্ডটি ভেঙে ফেলেন।
চিকিৎসা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, তামিম তাঁকে গালিগালাজ করেন ও টেবিলে থাকা পানির বোতল তাঁর দিকে ছুড়ে মারেন।
তামিম অভিযোগ করেন, জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাওয়ার পর একপর্যায়ে স্ট্রেচার থেকে তিনি মেঝেতে পড়ে যান এবং তাঁর গায়ের ওপর অক্সিজেনের সিলিন্ডার পড়ে যায়। কিন্তু তাঁকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। এ ছাড়া প্রায় আধা ঘণ্টা ধরে পানি খেতে চেয়েও তিনি পানি পাননি। অথচ চিকিৎসক জান্নাতুল ফেরদৌসের টেবিলে পানির বোতল ছিল। এসব কারণে তিনি ভাঙচুর করেন ও পানির বোতল ছুড়ে মারেন। চিকিৎসা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, পানি দেওয়ার দায়িত্ব তাঁর নয়।