ভাঙচুর, লুটপাটের ভয়ে গ্রামছাড়া ১৫ পরিবার
পূর্ব বিরোধের জেরে রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারইপাড়া গ্রামের নয়টি বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আবারও হামলার আশঙ্কায় গ্রামের ১৫টি পরিবারের লোকজন মালামাল নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
বারইপাড়া গ্রামের দুলাল হোসেন, আতাব আলী, সাগর আলী, টিপু, সৈয়দ আলী, আমজাদ হোসেন, জয়নাল আলী, সুমন হোসেন ও শরিফুল ইসলামের বাড়ির টিনের চালা ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হামলার শিকার বাড়িঘরের টিনের চালে ধারালো অস্ত্রে কোপ ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া অনেককে আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিতেও দেখা যায়। ক্ষতিগ্রস্তরা বলেন, থানা-পুলিশ করলে মেরে ফেলা হবে বলে হামলাকারীরা হুমকি দিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, প্রায় পাঁচ বছর আগে শুভডাঙ্গা ইউনিয়নের বিলকালাইবিলের নিয়ন্ত্রণ নিয়ে একই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুটি পক্ষ হয়। উভয় পক্ষের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা। গত মঙ্গলবার গ্রামের আক্কাছ আলীকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। পরে তাঁকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এর জের ধরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়।
শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম বলেন, একটি পক্ষে আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি রিয়াজ উদ্দিন ও অন্য পক্ষে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সফিকুল ইসলাম নেতৃত্বে রয়েছেন।
রিয়াজ উদ্দিন বলেন, তিনি ঢাকায় অাছেন। ঘটনা শুনেছেন।
সফিকুল ইসলাম বলেন, রিয়াজ উদ্দিনের লোকজন প্রথমে তাঁর পক্ষের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে হামলার শিকার পক্ষটি প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। তবে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।