ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মচারীরা। ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক ও কর্মকর্তারাও অংশ নেন।

এদিকে ভাঙচুরের ঘটনায় গত রোববার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিদ্যুতের দাবিতে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ আবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসের একাডেমিক ভবন, মেডিকেল ভবন, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন ভবনে ভাঙচুর চালান। একই সময়ে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের দুটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেন। এ নিয়ে রোববার ও গতকাল সোমবার প্রথম আলোতে দুটি সংবাদ প্রকাশিত হয়েছে।