ভাঙচুরের সময় পেট্রলবোমাসহ শিবিরের ৩ কর্মী আটক
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজারে গাড়ি ভাঙচুর করার সময় শিবিরের দুই নেতা ও এক কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন শিবিরের বীজবাগ ইউনিয়নের সভাপতি মো. ইয়াছিন (১৯), ফেনীর দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজ শাখার সভাপতি মো. শাওন (১৮) ও শিবিরের কর্মী ইমরুল বাহার (১৮)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি পেট্রলবোমা ও চারটি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবিরের ২০-২৫ জনের একদল কর্মী আকস্মিকভাবে সেবারহাট পূর্ব বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কে চলাচলকারী যানবাহনে হামলা-ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা সিএনজিচালিত চারটি অটোরিকশা ও একটি ট্রাক ভাঙচুর করেন। খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরের কর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ শর্টগান থেকে ৩০টি গুলি ছোড়ে এবং ধাওয়া করে শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করে।
একই সময় শিবিরের ১০-১২ জন কর্মী ছমিরমুন্সীর হাট বাজারে চারটি অটোরিকশা ভাঙচুর করেন।
এদিকে, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মো. ইয়াছিন দাবি করেন, আগামীকাল শনিবারের হরতালের সমর্থনে শিবিরের কর্মীরা আজ পিকেটিং করেছিলেন। তবে কোনো গাড়ি ভাঙচুর করেননি।
তবে পেট্রলবোমাসহ আটক হওয়ার বিষয়ে প্রশ্ন করলে কোনো জবাব দিতে পারেননি জামায়াতের এই নেতা।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাশকতা চালানোর সময় হাতেনাতে আটক তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজ আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের কৃষ্ণরামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।