ভাঙা ছিটকিনির জেরে বিভাগে ঢুকে শিক্ষককে মারধর!
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের এক প্রভাষককে নিজ বিভাগে ঢুকে মারধর করা হয়েছে। ওই শিক্ষককে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কলেজশিক্ষক পরিষদ জরুরি সভা করে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
কলেজ সূত্র, পুলিশ ও ঘটনার শিকার প্রভাষক ওমর ফারুকের সঙ্গে কথা বলে জানা গেছে, আট মাস ধরে ওমর ফারুক নেত্রকোনা শহরের সাতপাই কালীবাড়ির কাছে এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাসার মালিক ওবায়দুল হাসান বাবুল একজন অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা। সম্প্রতি সরকারি কলেজের পেছনের এলাকায় একটি বাসা ভাড়া নেন ওমর ফারুক। গতকাল শনিবার তিনি পূর্বের বাসা ছেড়ে নতুন বাসায় উঠেন। পুরোনো বাসা ছাড়ার সময় মালিকের সঙ্গে একটি দরজার ভাঙা ছিটকিনি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিরোধ না বাড়িয়ে ওমর ফারুক ওই ছিটকিনির দাম বাসার মালিককে দিয়ে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার বেলা দেড়টার দিকে ওমর ফারুক যখন নিজ বিভাগে কাজ করছিলেন এ সময় ওবায়দুল হাসানের ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র মো. শাকিব হাসান তার দুই বন্ধুকে নিয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ঢোকেন। কিছু বোঝার আগেই তাঁরা বিভাগের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শিক্ষক ওমর ফারুককে কিল-ঘুষি, রড দিয়ে পেটাতে শুরু করেন। এতে তিনি গুরুতর জখম হন। তাঁর চিৎকারে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত শিক্ষককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষক পরিষদ জরুরি সভা ডেকে মামলার সিদ্ধান্ত নেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আগামী রোববার থেকে কর্মবিরতি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কলেজশিক্ষক পরিষদের সম্পাদক বিধান মিত্র বলেন, এ ভাবে বিভাগে ঢুকে একজন শিক্ষকের ওপর হামলার বিষয়টি খুবই দুঃখজনক। তা মেনে নেওয়া যায় না। ঘটনায় জরুরি সভা করে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ এ নূর বলেন, মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় বাসার মালিক ওবায়দুল হাসান বাবুলকে আটক করা হয়েছে। হামলাকারী তিনজনকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।