ভাঙ্গা ও শরীয়তপুরে দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে গৃহবধূ নারগিস আক্তারের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করা হয়েছে l প্রথম আলো
শরীয়তপুরে গৃহবধূ নারগিস আক্তারের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করা হয়েছে l প্রথম আলো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কুড়ালতলা গ্রামে অন্তরা বেগম (২৮) নামের এক গৃহবধূকে গত শনিবার পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই দিন শরীয়তপুর সদর উপজেলার আঁটিপাড়া গ্রামে নারগিস আক্তার (২৭) নামের আরেক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, অন্তরা বেগম নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কুড়ালতলা গ্রামের আবদুল লতিফ মীরের মেয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে অন্তরা দ্বিতীয়। ছয় বছর আগে একই গ্রামের হাসান তালুকদারের ছেলে দুবাইপ্রবাসী নাজমুল তালুকদারের (২৮) সঙ্গে তাঁর বিয়ে হয়। অন্তরার সামিয়া (৫) ও শাহাবুর (২) নামের দুই সন্তান রয়েছে।
বাবা লতিফ মীর জানান, নাজমুল তালুকদারকে বিদেশে যাওয়ার সময় ৭০ হাজার টাকা দেওয়া হয়। প্রথমে কিছুদিন নাজমুলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও হঠাৎ সম্পর্কের অবনতি ঘটে। মেয়ের পরিবারের খরচের টাকা না দিলে তিনি মেয়েকে তাঁর বাড়িতে রাখেন প্রায় দুই বছর ধরে। ৭ মার্চ নাজমুল ছুটিতে দেশে আসেন। এরপর অন্তরা স্বামীর বাড়িতে যান। গত শনিবার সকালে অন্তরার সঙ্গে স্বামীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্তরাকে বেধড়ক মারপিট করা হয়। এতে অন্তরা গুরুতর আহত হলে তাঁর স্বামী ও শাশুড়ি নাছিমা বেগম (৪৫) অন্তরাকে সকাল সাড়ে নয়টার দিকে পাশের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহম্মেদ অন্তরাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অন্তরার লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে যান।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই অন্তরার মৃত্যু হয়। অন্তরার মুখে পয়জন পাওয়া গেছে। পরে তিনি সদরপুর থানার পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
অন্তরার স্বামীর মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
শরীয়তপুরে নারগিস আক্তার হত্যার অভিযোগে তাঁর স্বামীসহ ছয় ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার সকালে শরীয়তপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে আঁটিপাড়া গ্রামবাসী।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের রমিজ উদ্দিন মোল্লার মেয়ে নারগিস আক্তার। আট বছর আগে সদর উপজেলার আঁটিপাড়া গ্রামের আমির হোসেন দেওয়ানের ছেলে মনির হোসেন দেওয়ানের সঙ্গে তাঁর বিয়ে হয়। নারগিস ও মনির দম্পতির সাত ও তিন বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। মনির রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তাঁর আয়ে সংসার চলত না, তিনি নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা দিতে রাজি না হলে নারগিসকে মারধর করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। গত শনিবার সকালে মনির হোসেনের বসতঘরে নারগিসের দেহ ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। ততক্ষণে মনির হোসেন, তাঁর বাবা আমীর হোসেন, মা সুফিয়া বেগম নারগিসের মেয়ে কাজল রেখাকে নিয়ে পালিয়ে যান।