ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গজারিয়া গ্রামে গতকাল মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। আহত ব্যক্তিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হন কমপক্ষে ২০ জন। ভাঙ্গা থানার পুলিশ লাঠিপেটা করে ঘণ্টা খানেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে এ সংঘর্ষের ঘটনায় জড়িত চারজনকে আটক করে।
সংঘর্ষ চলাকালে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী হাকিম ও ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) পূরবী গোলদার। তিনি দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পক্ষের চারজনের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁরা হলেন গজারিয়া গ্রামের দেলোয়ার ফকির (৪৮), মো. মানিক (৩৫), আনোয়ার ফকির (৩৫) নুর মোহাম্মদ (৩৮)।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, পক্ষের দলনেতা নুর মোহাম্মাদ আছেন। আধিপত্য ও প্রতিপত্তি বিস্তারই এই সংঘর্ষের মূল কারণ।