ভাঙ্গার পাঁচ গ্রাম থেকে আটজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাঁচটি গ্রাম থেকে আটজনকে অপহরণ করা হয়েছে। গত সোমবার ভোররাতে র‍্যাব পরিচয় দেওয়া লোকজন তাঁদের তুলে নিয়ে যায় বলে পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন।

ঘটনার পর প্রায় দুই দিন পেরিয়ে গেলেও গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি। এতে অপহৃত ব্যক্তিদের পরিবার উদ্বেগের মধ্যে আছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযোগ প্রসঙ্গে র‍্যাব-৮ ফরিদপুরের কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন গ্রাম থেকে র‍্যাব পরিচয়ে আটজনকে তুলে নেওয়ার খবর আমরাও শুনেছি। অপহৃতদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগও করেছেন। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।’

অপহৃত ব্যক্তিরা হলেন ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের রাধেশ্যাম মণ্ডল (৫৫) ও রবি দাস (২৮), আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের সোহেল মাতুব্বর (২৫) ও জুয়েল মাতুব্বর (২৩), ঈশ্বরদী গ্রামের নূর হোসেন (২৮) ও সোহেল মিয়া (২২), কররা গ্রামের ইসরাফিল (২৫) এবং ব্রাহ্মণপাড়া গ্রামের সহিদুল ইসলাম (২২)।

অপহৃত সোহেল ও জুয়েলের মা কোহিনূর বেগম বলেন, ‘র‍্যাব-৮ লেখা কালো রঙের গাড়িতে করে আসা কয়েকজন আমার দুই ছেলেকে জোর করে ধরে নিয়ে গেছে। দুই দিনেও তাদের কোনো খোঁজ পাইনি। ২০১৪ সালেও এই দুই ছেলেকে র‍্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। সাত মাস পর তারা ছাড়া পায়।’

অপহৃত নূর হোসেনের স্ত্রী সুবর্ণা বলেন, তাঁর স্বামীকে ১২ থেকে ১৮ জনের একটি দল বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে র‍্যাব অফিসে গিয়েও স্বামীর কোনো সন্ধান পাননি। চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও পুলিয়া গ্রামের বাসিন্দা বাচ্চু আকন্দ বলেন, অপহরণের শিকার রাধেশ্যাম পেশায় কাঠমিস্ত্রি। আর রবি দাস খুবই গরিব। অটোরিকশা চালিয়ে কোনো রকমে সংসার চালান।

আজিমনগর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য ও ঈশ্বরদী গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস বলেন, ‘আমার গ্রাম থেকে নূর হোসেন ও সোহেল মিয়াকে র‍্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে।’ ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা কোহিনুর রহমান বলেন, তাঁর গ্রামের সহিদুল ইসলামকে তুলে নিয়ে গেছে। এখনো সন্ধান পাওয়া যায়নি। সে কলেজে পড়ে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন গতকাল দুপুরে বলেন, ‘র‍্যাব পরিচয়ে আট ব্যক্তিকে তুলে নেওয়ার কথা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত এ থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’

এর আগে ২০১১ সালের ৬ ডিসেম্বর চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কালা মৃধা ও আজিমনগর ইউনিয়নের পাঁচ যুবক সোবাহান মিয়া, বেলায়েত হোসেন, রুবেল খান, ফয়েজ হাওলাদার ও কাইয়ুম মুন্সীকে তুলে নিয়ে যাওয়া হয়। পাঁচ বছরেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।