ভাঙ্গার সেই প্রধান শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের কার্যালয়কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১২ সদস্যের কমিটির ১০ জন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান বলেন, প্রধান শিক্ষক আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে ২ মে বিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীর গোসলের দৃশ্য মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণের অভিযোগ ওঠে। ৪ মে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী বিক্ষোভ করে। সেই সঙ্গে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে তাঁকে ওই অবস্থায় পান। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তাৎক্ষণিক সভা করে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।
এরপর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রধান শিক্ষককে নৈতিক স্খলনজনিত কারণে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দাখিল করে। এরপর ওই শিক্ষককে তিন দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের জবাব না দেওয়ায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
নিজেকে নির্দোষ দাবি করে প্রধান শিক্ষক আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলে থাকার সময় তাঁর স্ত্রী একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছিলেন। আর কোনো নোটিশ, কাগজপত্র কিছুই পাননি। বৃহস্পতিবারের (গতকাল) সভার বিষয়েও তাঁকে কিছু জানানো হয়নি। তাঁর বিরুদ্ধে যে মামলা হয়েছে সে বিষয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কী করে ব্যবস্থাপনা কমিটি তাঁকে বরখাস্ত করল তা তাঁর বোধগম্য নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোরসেদ বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির। শিক্ষককে বরখাস্ত করার ক্ষমতাও তাদের। কোনো শিক্ষক বরখাস্ত হওয়ার মতো অপরাধ করলে তাঁকে ব্যবস্থাপনা কমিটি বরখাস্ত করতেই পারে।