ভাঙ্গায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ফরিদপুরের ভাঙ্গায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। তাদের গতকাল সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বালিয়াচরা গ্রামের বিল্লাল শেখের সঙ্গে বাকলেছ হরকরার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
সর্বশেষ গত রোববার বিকেলে বালিয়াচরা সামচুল উলুম কওমি মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলার সময় খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। খেলোয়াড়দের মধ্যে উভয় পক্ষের সমর্থকেরা ছিলেন। একে কেন্দ্র করে দুই পক্ষ সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ঢাল,
সরকি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী সালাহউদ্দীন ও পুলিশ কনস্টেবল আল আমিন আহত হন। পরে পুলিশ লাঠিপেটা ও শটগানের আটটি গুলি ছুড়ে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্যও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।