ভাঙ্গায় জমি মাপজোখের সময় হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় জমি মাপজোখ করার সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত চারজন হলেন দীপংকর ঘোষ (৩৫), তাঁর চাচি মায়া রানী ঘোষ (৪৫), জাকির মাতুব্বর (৫০) ও তাঁর ছেলে শামিম মাতুব্বর (২৫)। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তিনজন বলেন, ভাঙ্গার মালিগ্রাম বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন ৬০ শতাংশ জমি ও একটি পুকুরের মালিক মালিগ্রামের বাসিন্দা চার ভাই দেবদাস ঘোষ, বিপুল ঘোষ, কালিদাস ঘোষ ও হরি ঘোষ। কয়েক মাস আগে তাঁরা সম্মিলিতভাবে পুকুরটি ভরাট করেন। পুকুরসংলগ্ন কয়েক শতাংশ খাসজমি রয়েছে। ফলে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা উপজেলা প্রশাসন জমিটি মাপার উদ্যোগ নেয়। গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মাপজোখ শুরু হয়। কিন্তু বেলা আড়াইটার দিকে সেখানে উপস্থিত ঘোষ পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘোষ পরিবারের সদস্য বিপুল ঘোষ অভিযোগ করে বলেন, স্থানীয় চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন আহম্মেদ খালাসীর উপস্থিতিতে তাঁর লোকজন এই হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা পিটিয়ে দীপংকর ঘোষ ও তাঁর চাচি মায়া রানী ঘোষকে গুরুতর আহত করেন। হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে জাকির মাতুব্বর ও তাঁর ছেলে শামিম মাতুব্বর আহত হন।

তবে গিয়াসউদ্দিন আহম্মেদ বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে মারামারি শুরু হয়। এই মারপিটের সঙ্গে আমি জড়িত নই।’