ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় শিশুসহ ১২ জন আহত হয়েছেন।
দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের সাতটি বাড়িঘর, দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সোহরাব ভূঁইয়ার সঙ্গে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সরোয়ার হোসেনের বিরোধ চলছিল। ১২ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গতকাল সকাল সাতটার দিকে দুই পক্ষের উত্তেজনা নিরসনে উপজেলার তুজারপুর, আলগী, চান্দ্রা, কাউলীবেড়া, ঘারুয়া—এই পাঁচ ইউপির চেয়ারম্যান তুজারপুর গ্রামে গিয়ে দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা এলাকা থেকে ফিরে আসার কিছুক্ষণ পরে সকাল সাড়ে আটটার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের কয়েক শ লোক দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
আহত ব্যক্তিদের একজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।