ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে তুজারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল আটটার দিকে তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে জামাল মাতুব্বর পক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসলাম খাঁ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের জান্দি গ্রামের জামাল মাতুব্বর ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসলাম খাঁর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় ওই দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। আজ সকালে ওই বিষয়টি নিয়ে সালিস বৈঠকে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েক শ লোক অংশ নেন। পরে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। পাঁচজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুরে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে জান্দী গ্রামের আসলাম খাঁর সঙ্গে একই গ্রামের জামাল মাতুব্বরের দীর্ঘদিনের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজন শুক্রবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।