ভাঙ্গায় নার্সের শ্লীলতাহানির চেষ্টা, মালিক গ্রেপ্তার ক্লিনিক সিলগালা
ফরিদপুরে ক্লিনিকের নার্সকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ ক্লিনিকের মালিককে গ্রেপ্তার করেছে। উপজেলা প্রশাসন ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে। গত মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই তরুণীর মা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ক্লিনিকের মালিক মো. মাহাবুবকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে ভাঙ্গা থানায় মামলা করেছেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন মুক্তি (প্রা.) হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মাহাবুবুর রহমান। ভাঙ্গার কাফুরিয়া সদরদী মহল্লার বাসিন্দা মাহাবুব নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা (স্যকমো) পদে কর্মরত।
ওই নার্সের বাবা জানান, দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পরে একটি শিশুসন্তান নিয়ে অর্থসংকটে পড়ে তাঁর মেয়ে মুক্তি (প্রা.) হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে কাজ নেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তরুণীটি গত মাসের প্রথম সপ্তাহে ভাঙ্গা উপজেলা সদরে অবস্থিত মুক্তি হাসপাতালে সহকারী নার্স হিসেবে যোগদান করেন। গত সোমবার রাতে ক্লিনিকে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ বোধ করলে মেয়েটি তা মাহাবুবকে জানান। এ সময় মাহাবুব মেয়েটিকে তাঁর কক্ষে নিয়ে তিনটি বড়ি সেবন করতে দিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় মাহাবুবের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মেয়েটি বুকে আঘাত পান। গত মঙ্গলবার সকালে ক্লিনিকের কয়েকজন সহকর্মী মেয়েটিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। আবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সারমিন সুলতানা বলেন, ওই নার্সের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে আসামি মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাঁকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এর আগেও ওই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ক্লিনিকের ভেতরে একাধিকবার নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন বলেন, গত মঙ্গলবার রাতে মুক্তি (প্রা.) হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন অসিত রঞ্জন দাস গতকাল বলেন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।