ভাঙ্গায় ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ডের মাধ্যমে দুস্থ নারীদের মধ্যে মাপে কম পরিমাণ চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাছিরাবাদ ইউনিয়নে গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে।

ভিজিডি কর্মসূচির আওতায় দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও নাছিরাবাদ ইউনিয়নে ২৪ কেজি ৪০০ গ্রাম করে চাল বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ওই ইউনিয়ন পরিষদ ভবন থেকে এ চাল বিতরণ করা হয়।

ওই ইউনিয়নের মোট ১৩১ জন ভিজিডি কার্ডধারী দুস্থ নারী রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই ইউনিয়নের ইউপি ভবন থেকে বস্তায় ভরা অবস্থায় এ চাল বিতরণ করা হয়। বিতরণ করা বস্তা মেপে দেখা যায়, প্রতি নারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রতি বস্তায় চাল রয়েছে ২৪ কেজি ৪০০ গ্রাম। এ নিয়ে প্রতিবাদ করা হলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বেলা একটার দিকে ঘটনাস্থলে যান।

মহিলাবিষয়ক কর্মকর্তা মাসউদা হক বলেন, ‘আমি যাওয়ার আগেই ১২০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়ে যায়। আমি বাকি ১১টি বস্তা মেপে দেখি প্রতি বস্তায় ৩০ কেজির স্থলে ২৪ কেজি ৪০০ গ্রাম করে চাল রয়েছে। আমি তাৎক্ষণিক ওই ১১ বস্তা চাল জব্দ করি।’

নাছিরাবাদ ইউপির চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী বলেন, ‘আমি গত বুধবার ভাঙ্গার খাদ্যগুদাম থেকে ওই চাল নিয়ে আসি। প্রতিটি বস্তাই অক্ষত অবস্থায় পেয়েছি। বস্তার মধ্যে যে চাল কম আছে তা আমরা জানি না। বস্তার সেলাই খোলাও হয়নি।’

 ‘গুদাম থেকে মাপে চাল কম দেওয়া হয়নি’—দাবি করে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজল হোসেন প্রথম আলোকে বলেন, ‘একটি বস্তায় পাঁচ-ছয় কেজি চাল কম দেওয়া সম্ভব নয়। বস্তা অক্ষত রেখে সেটি থেকে মাল বের করার অনেক পথ আছে। ওই ইউপি চেয়ারম্যান আগে খাদ্য বিভাগে একজন পুরোনো ডিলার, এসব বিষয় তিনি বেশ ভালোভাবেই বোঝেন।’

ভাঙ্গার ইউএনওর দায়িত্বে নিয়োজিত সদরপুরের ইউএনও রোখসানা রহমান বলেন, ‘এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য আগামী রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’