ভাঙ্গায় শিক্ষক নিয়োগে সরকারি নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষার সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে।

এ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিকে বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে ওই বিদ্যালয়ে এনটিআরসিএ পরীক্ষা দেননি, এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ওই বিদ্যালয়ের পক্ষ থেকে ২০১৫ সালের ২৯ নভেম্বর এনটিআরসিএর কাছে ব্যবসায় শিক্ষাসহ পাঁচটি শূন্য পদে শিক্ষক দেওয়ার জন্য চাহিদা পাঠানো হয়। এ পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ ২০১৬ সালের ৬ জুন ওই বিদ্যালয়ের চারটি শূন্য পদে আবেদন চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দেয়। ভাঙ্গার ঘাড়ুয়া ইউনিয়নের ঘাড়ুয়া গ্রামের সাথীরানী দাস ব্যবসায় শিক্ষার সহকারী শিক্ষক পদে আবেদন করেন গত ৩ আগস্ট। ১৩ নভেম্বর তিনি ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষার সহকারী শিক্ষক পদে এনটিআরসিএ কর্তৃক মনোনীত হন। এনটিআরসিএ সাথীরানী দাসের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি তাঁকে জানায়। পরে ১৪ নভেম্বর সাথীরানী দাস ওই বিদ্যালয়ে যোগদান করতে যান। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সাথীকে জানান, ভুলবশত ব্যবসায় শিক্ষা পদটি শূন্য দেখানো হয়েছে। ওই পদ আসলে শূন্য না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর ওই বিদ্যালয় কর্তৃপক্ষ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে ব্যবসায় শিক্ষার শিক্ষক পদে নিয়োগ দেয়।

বিদ্যালয়টির বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহজাহান মিয়া বলেন, ‘অনিয়মের আশ্রয় নিয়ে কামাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো নিয়োগ কমিটি গঠন বা কোনো পরীক্ষা হয়নি। একদিন সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি কামাল হোসেন নামের এক ব্যক্তি ব্যবসায় শিক্ষার সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছে। আমরা জানতে পেরেছি এ নিয়োগের ব্যাপারে টাকার লেনদেনও হয়েছে।’

তবে প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন দাবি করেন, ভুলবশত এনটিআরসিএর কাছে ব্যবসায় শিক্ষার সহকারী শিক্ষকের পদ শূন্য দেখানো হয়েছিল। আসলে কম্পিউটার শিক্ষকের পদটি শূন্য। পরে অবশ্য ভুল সংশোধনও করা হয়েছে। তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েই কামাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা টাকার লেনদেন হয়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, ‘এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে কখন কোন বিদ্যালয় চাহিদাপত্র দেয় এবং এনটিআরসিএ কখন কোন ব্যক্তিকে কোন বিদ্যালয়ে নিয়োগ দেয়, এ ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। এ কারণে ওই বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে কী ঘটেছে, তা আমার জানা নেই। তবে আমি অভিযোগটি তদন্ত করে দেখব।’