ভাঙ্গায় সংঘর্ষে আহত ৫০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় মুনসুরাবাদ বাজারের ১২টি দোকানে ভাঙচুর করা হয়। সংঘর্ষ ঠেকাতে পুলিশ আটটি গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাস খানেক আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের বাসিন্দাদের সঙ্গে পাশের খাপুরা, মাঝিকান্দা, সিঙ্গাড়িয়া গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। ওই সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মামলাও হয়। এর জের ধরে গত রোববার বিকেলে মুনসুরাবাদ বাজারের মিষ্টির একটি দোকানে দুই গ্রামের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। এতে মুনসুরাবাদ গ্রামের আশরাফুল (১৮) ও মাঝিকান্দা গ্রামের রবিউল (১৮) আহত হন।
গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ওই চার গ্রামের হাজার খানেক লোক ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সকাল নয়টার দিকে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মাস খানেক আগেও একটি সংঘর্ষ হয়েছে। এর জের ধরেই এই সংঘর্ষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।