ভাঙ্গায় সেতু নির্মাণকাজে অনিয়ম, সাংসদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় একটি সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। ঠিকাদার হিসেবে ওই সেতুটি নির্মাণ করছেন ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে সোহাগ।
তবে ছাত্রলীগ নেতা সাইফুল অনিয়মের এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, সেতু নিয়ে পলিটিকস করছেন সাংসদ।
ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের রাজাপুর গ্রাম ভায়া কালীবাড়ি হয়ে ফরিদপুরগামী এ সড়কে রাজাপুর খালের ওপর একটি সেতু নির্মাণ করছে ত্রাণ মন্ত্রণালয়। ৫০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ টাকা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় ওই সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে যান ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান। তিনি সেতুর নির্মাণকাজের বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, নিম্নমানের খোয়া, বালু ও রড দিয়ে নির্মাণ করা হচ্ছে সেতুটি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্র জানায়, পরে সাংসদ ওই এলাকার বাসিন্দা মোমিন ব্যাপারীর বাড়ির উঠানে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সাংসদ বলেন, ‘আমি অবহেলিত এলাকার মানুষের কষ্টের কথা ভেবে তাদের চলাচলের জন্য সেতু এনে দিয়েছি। এটি আপনাদের এলাকার সম্পদ। এ সেতুর কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের।’ তিনি আরও বলেন, ‘সেতু নির্মাণে যে অনিয়ম দেখলাম তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন হলে আবারও টেন্ডার করানো হবে।’
এ সময় সাংসদের সঙ্গে ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, মানিকদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু সাঈদ মিয়া, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাঙ্গা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু বলেন, ৫০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ টাকা। এক মাস আগে এ সেতুর নির্মাণকাজ শুরু হয়। তিন মাসের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
সেতু নিয়ে পলিটিকস করছেন সাংসদ। এমন মন্তব্য করে ওই সেতুর ঠিকাদার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহর (কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য) সমর্থক। এ জন্য আমার নির্মাণাধীন সেতু নিয়ে রাজনীতি করছেন স্বতন্ত্র সাংসদ। সাংসদের মনে কোনো দুরভিসন্ধি না থাকলে ভাঙ্গায় এ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১২টি সেতুই পরিদর্শন করতে পারতেন তিনি। কিন্তু তিনি তা করেননি। সেতুর নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে না, দাবি করে সাইফুল ইসলাম বলেন, ‘আমার বিল আটকে দেওয়ার জন্য সাংসদ এ অপরাজনীতি করছেন।’
ভাঙ্গার রাজনীতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমানের নেতৃত্বে বিভক্ত।