ফরিদপুরের ভাঙ্গা থেকে তিন দিন আগে ‘অপহৃত’ আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বরিশালে সংবাদ সম্মেলন করে র্যাব ওই আটজনসহ মোট ১১ জনকে আটকের কথা জানায়।
ভাঙ্গার আজিমনগর ও চান্দ্রা ইউনিয়নের পাঁচটি গ্রাম থেকে গত সোমবার রাতে আটজনকে ‘র্যাব পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা। এরপর তিন দিন ধরে র্যাব ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেও নিখোঁজ ব্যক্তিদের কোনো হদিস করতে পারেননি পরিবারের সদস্যরা।
গতকাল বরিশালে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, বুধবার রাতে ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, মুঠোফোনের ৬০টি সিম ও ২৩টি মুঠোফোন। তাঁরা মুঠোফোনে প্রতারণাকারী চক্রের সন্ধান দেন। পরে উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে আরও আটজনকে আটক করা হয়। তাঁরা হলেন ইস্রাফিল মাতুব্বর, আসাদুর রহমান, রবি চন্দ দাস, সোহেল তালুকদার, নুর হোসেন, জুয়েল মাতুব্বর, সোহেল মাতুব্বর ও রাদেশ দাস মণ্ডল।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির প্রথম আলোকে বলেন, ভাঙ্গা উপজেলায় একটি চক্র মুঠোফোনে বিভিন্ন প্রতারণার সঙ্গে যুক্ত। তারা এই ব্যবসার নাম দিয়েছে ‘ওয়েলকাম’। প্রতারক চক্রটি সেনাবাহিনী ও র্যাব কর্মকর্তা, গ্রামীণফোনের কর্মকর্তা এবং গভীর রাতে দরবেশের পরিচয় দিয়ে মুঠোফোনে ফোন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। আটককৃতরা ওই চক্রের সদস্য। আটক ব্যক্তিদের ভাঙ্গা থানায় পাঠানো হয়েছে।
২০১১ সালের ৬ ডিসেম্বর ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কালামৃধা ও আজিমনগর ইউনিয়নের পাঁচ যুবক সোবাহান মিয়া, বেলায়েত হোসেন, রুবেল খান, ফয়েজ হাওলাদার ও কাইয়ুম মুন্সীকে তুলে নিয়ে যাওয়া হয়। গত পাঁচ বছরেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।