ভাঙ্গুরায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুরা উপজেলার অষ্টমনিশা ইউনিয়নের হরিহরপুর গ্রামে গতকাল শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আনছার আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহত ব্যক্তিদের ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, আনছার আলীরা তিন ভাই। পৈতৃক সূত্রে পাওয়া তাঁদের বাড়ির জমিটির দুই অংশ দুই ভাই বিক্রি করে দেন। প্রতিবেশী জহির আলী ও জহুরুল ইসলাম জমিটি কিনে নেন। এরপর তাঁরা আনছার আলীর জমিটুকু কিনে নিতে চাপ দিতে থাকেন। অন্যদিকে আনছার আলীও ভাইদের বিক্রি করা জমিটি ফেরত নিতে প্রস্তাব দেন। কিন্তু কোনো পক্ষের প্রস্তাবেই অপর পক্ষ রাজি হয়নি। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন থেকে আনছার আলীর সঙ্গে জহির ও জহুরুলের বিরোধ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, গতকাল বেলা ১১টার দিকে জহির ও জহুরুল তাঁদের কেনা জমির দখল নিতে যান। আনছার আলী ওই জমি দখলে বাধা দেন। এ সময় প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের সমর্থকেরা লাঠিসোঁটা ও দা-বঁটি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে আনছার আলীসহ ছয়জন আহত হন। প্রতিবেশী ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পর আনছার আলী মারা যান।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনছার আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ দেয়নি। ঘটনার পর থেকে দুই পক্ষের লোকজনই বাড়িছাড়া রয়েছে।