ভাঙ্গুড়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরে একটি বেসরকারি ক্লিনিকে গত শুক্রবার রাতে অস্ত্রোপচারের সময় সানজিদা ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সানজিদা উপজেলার বেতুয়ান গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
নিহত সানজিদার স্বজনেরা জানান, গত ২৭ আগস্ট প্রচণ্ড পেটের ব্যথা ও জ্বর নিয়ে উপজেলা সদরের ভাঙ্গুড়া হেলথ কেয়ার নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় সানজিদাকে। চিকিৎসক মাসুদ করিম তাকে দেখে অ্যাপেনডিসাইটিস হয়েছে বলে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সে অনুযায়ী শুক্রবার বেলা তিনটার দিকে ক্লিনিকের অতিথি চিকিৎসক ও রাজশাহী মেডিকেল কলেজের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) মহিবুল হাসান অস্ত্রোপচার শুরু করেন। তিন ঘণ্টা পরও তিনি অস্ত্রোপচার কক্ষ থেকে বের না হওয়ায় মেয়েটির স্বজনেরা অস্থির হয়ে ওঠেন। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, সানজিদার অবস্থা আশঙ্কাজনক, তাকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থার করতে হবে। স্বজনেরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় মেয়েটি মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সানজিদার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত নয়টার দিকে মেয়েটির স্বজন ও প্রতিবেশীরা এসে ক্লিনিকটি অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ চলার পর রাত ১১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সানজিদার বাবা শহিদুল ইসলাম অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলাতেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। ভুলভাবে অজ্ঞান করার ইনজেকশন দেওয়ায় তার আর জ্ঞান ফেরেনি।
ক্লিনিক মালিক আবদুল জব্বার বলেন, অস্ত্রোপচারে কোনো ত্রুটি হয়নি। মেয়েটিকে অজ্ঞান করার পর তার মুখ দিয়ে প্রচুর লালা নিঃসৃত হচ্ছিল। শারীরিকভাবে তার বেশ কিছু সমস্যা ছিল।