ভাটার গ্যাসে ফসলের সর্বনাশ
রাজশাহীর বাগমারায় ইটভাটার ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ২৫ একর জমির ফসলের ক্ষতি হয়েছে। ইটভাটা স্থাপনের নীতিমালা লঙ্ঘন করে এটি কৃষি জমিতে স্থাপন করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, বাধা দেওয়ার পরেও মালিক ভাটাটি স্থাপন করায় ফসলের পাশাপাশি গাছপালাও মরে যাচ্ছে।
এলাকার লোকজন ওই ইটভাটা বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ে গত ২৮ এপ্রিল আবেদন করেছেন।
উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তিপুর ও ভাগনদী গ্রামের দুই শতাধিক লোকের ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, দুই বছর আগে স্থানীয় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি ভাগনদী নামক স্থানে আবাদি জমিতে ‘জেবিকে ব্রিক্স’ নামের ইটভাটা স্থাপন করেন। ইটভাটা স্থাপনে সংশ্লিষ্ট বিভাগগুলোর কোনো অনুমতিও নেওয়া হয়নি। অথচ ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে আবাদি জমি ও লোকালয়ে ইটভাটা স্থাপন করা যাবে না বলে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইটভাটাটি স্থাপনের সময় এলাকার লোকজন বাধা দিলেও বন্ধ করতে পারেনি। তবে এ বছর ইটভাটাটি আরও সম্প্রসারণ করা হয়েছে। ইটভাটার চিমনি থেকে নির্গত ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে আশপাশের ফসল ও গাছের ব্যাপক ক্ষতি হয়েছে । তাঁদের অভিযোগ, ভাটার ধোঁয়ায় প্রায় ২০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। আম বাগান, ধান ও ভুট্টা খেতের বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া মরে গেছে অর্ধশত গাছপালা।
ভাগনদী গ্রামের আশরাফুল ইসলাম জানান, ইটভাটার কারণে এবার তাঁর দেড় বিঘা জমির বোরো খেত নষ্ট হয়েছে। ধানে শিষ আসার পরেই ধানগাছ নষ্ট হয়ে গেছে।
শান্তিপুর গ্রামের মোশারফ হোসেন জানান, ইটভাটার নির্গত গ্যাসে তাঁর এক বিঘা ভুট্টাখেত নষ্ট হয়েছে। তাঁর মতো আরও অর্ধশত চাষি একই অবস্থার কথা জানান।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার চারপাশে ফসলি জমি ও বাগান। ৩০০ থেকে ৪০০ গজের মধ্যে রয়েছে আমের বাগান ও বিভিন্ন প্রজাতির গাছপালা। ঝরে পড়েছে আমবাগানের প্রচুর কাঁচা আম। কালচে আকার ধারণ করে পচে সেগুলো খসে পড়েছে। ভাটার আশপাশের এলাকায় জলপাই, কাঁঠালসহ বিভিন্ন গাছ শুষ্ক ও মরা অবস্থায় দেখা যায়।
আবদুস সালাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ইটভাটার ধোঁয়ায় তাঁর বাগানের বেশির ভাগ আমই নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর বাদশা জানান, ভাটার ধোঁয়া ও কার্বন ডাই-অক্সাইডের প্রভাবে ফল ও ফসলের ক্ষতি হয়েছে। ফসলি জমির পাশে ইটভাটা করা ঠিক নয় বলে তিনি উল্লেখ করেন।
যোগীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল অভিযোগ করেন, ইটভাটাটির কোনো অনুমোদন নেই। এলাকার লোকজন ভাটাটি অপসারণের দাবি জানিয়ে গত ২৮ এপ্রিল রাজশাহী পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
জেবিকে বিক্সের পরিচালক জাহাঙ্গীর আলম লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না নিয়ে ভাটা স্থাপন করার কথা স্বীকার করে বলেন, ‘যেসব কৃষক ও আমবাগান মালিকের ক্ষতি হয়েছে তাঁদের কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাঁদের তো আর অভিযোগ থাকার কথা না।’
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক নূর আলম মুঠোফোনে জানান, অভিযোগটি পাওয়া গেছে। ওই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।